জাতীয়
ভোট পুনর্গণনা নিয়ে ইসির অবস্থান: আদালতের নির্দেশ পেলেই সিদ্ধান্ত
আদালতের নির্দেশ পাওয়া গেলে আবেদনের ভিত্তিতে বিভিন্ন আসনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে ভোট পুনর্গণনার আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। পাশাপাশি কয়েকটি আসনে পৃথকভাবে প্রার্থীরাও পুনর্গণনার আবেদন করেছেন।
পুনর্গণনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোট পুনর্গণনা একটি আইনগত বিষয়। এ ক্ষেত্রে আদালত যে নির্দেশ দেবেন, নির্বাচন কমিশন সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধি অনুসরণ করেই সব সিদ্ধান্ত নেয়। আদালতের নির্দেশ ছাড়া স্বপ্রণোদিতভাবে ভোট পুনর্গণনার সুযোগ নেই।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর পক্ষ থেকে ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গণনার দাবি ওঠে, যা বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।