জাতীয়
ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সূচি ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে অগ্রিম টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় জানায়, আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ।
কোন দিন মিলবে কোন তারিখের টিকিট:
৩ মার্চ: ১৩ মার্চের টিকিট
৪ মার্চ: ১৪ মার্চের টিকিট
৫ মার্চ: ১৫ মার্চের টিকিট
৬ মার্চ: ১৬ মার্চের টিকিট
৭ মার্চ: ১৭ মার্চের টিকিট
৮ মার্চ: ১৮ মার্চের টিকিট
৯ মার্চ: ১৯ মার্চের টিকিট
২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে।
সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ছাড়া হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফিরতি—কোনো টিকিটই ফেরতযোগ্য নয়।
ভ্রমণের দিন মোট আসনের (উচ্চশ্রেণি বাদে) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। রুটগুলো হলো:
চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরব বাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর।
‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন ভোর ৪টায় ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
‘তিস্তা স্পেশাল-৩’ ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে বিকাল ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ফিরতি ‘তিস্তা স্পেশাল-৪’ বিকাল ৪টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় আসবে।
‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ ভৈরব বাজার থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ যাবে এবং দুপুরে ফিরবে। একইভাবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটেও শোলাকিয়া স্পেশাল চলবে।
‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদের পর আগের সূচি পুনরায় চালু হবে।
কন্টেইনার ও জ্বালানি ট্রেন ছাড়া সব পণ্যবাহী ট্রেন ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা ১ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। দুর্ঘটনা মোকাবিলায় সার্বক্ষণিক রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে।
এ ছাড়া চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে বলে জানানো হয়েছে।