জাতীয়
ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে প্রতিমন্ত্রী, সকাল ৯টায়ও কর্মকর্তা অনুপস্থিত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে পৌঁছালে দেখেন, নির্ধারিত সময় পার হলেও সেখানে কোনো কর্মকর্তা উপস্থিত নেই।
অফিসে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখে প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কেউ অফিসে উপস্থিত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্বে অবহেলার শামিল। যারা তাদের দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে। তাই সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।