জাতীয়
গুপ্ত ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাম্প্রতিক নির্বাচন ছিল অত্যন্ত কঠিন এবং সেখানে ‘গুপ্ত ও অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তিনি দাবি করেন, দায়িত্বশীল নেতারা সক্রিয়ভাবে কাজ করলে এ পরিস্থিতি তৈরি হতো না।
সোমবার (২৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
তিনি বলেন, “নির্বাচনটা ছিল কঠিন। একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের ভোট করতে হয়েছে। ডোর-টু-ডোর কাজের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব ছিল। আমি কাজ করেছি, কিন্তু সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে আজ এমন পরিস্থিতি হতো না।”
নারী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মা-বোনদের দোষারোপ করার সুযোগ নেই। রাজনীতি তাদের কাছে সঠিকভাবে পৌঁছানো হয়নি।” দক্ষিণ মাগুরী কেন্দ্রের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে ‘গুপ্ত বাহিনী’ ও ‘বট বাহিনীর’ প্রভাব ছিল, যা প্রতিরোধে ব্যর্থতা ছিল দলের।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে এ্যানি বলেন, “অনেকে এটাকে ভুয়া বলেছিল, কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রমাণ করেছেন এটি কার্যকর উদ্যোগ। আমরাও লক্ষ্মীপুরে পৌঁছে দিয়ে তা প্রমাণ করবো।” তিনি আরও জানান, সরকারের ৩১ দফার মধ্যে সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে এবং ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও ফার্মাসি কার্ড ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জরুরি। কিছু প্রভাবশালী ব্যক্তি এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের পেছনে কারা আছে, তা খুঁজে বের করতে হবে।” তিনি পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।