জাতীয়

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কালোবাজারিরা সংকট তৈরির চেষ্টায়: টুকু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কালোবাজারিরা সংকট তৈরির চেষ্টায়: টুকু
ছবিঃ সংগৃহিত

তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ও কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।  

আজ শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ হতো, এখনো একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগতো। তবে ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। 

এসময় সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন হচ্ছে, ফলে লোডশেডিং নেই। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এ কারণে সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছি। 

বিদ্যুকেন্দ্র পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সোলার পাওয়ার প্ল্যান্ট এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তাগণ।