রাজনীতি
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করল এনসিপি
আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটোয়ারী। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির হয়ে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে নির্দেশনা দেন নাহিদ ইসলাম। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর নজরদারি রাখারও নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।