জাতীয়
দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, তার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা জানান।
এর আগে বন্যা পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।
রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ডের সামনে, সায়েন্স ল্যাব, উত্তরা ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালিত হয়।
সড়ক অবরোধের ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে বিকেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন এলাকার সামনে অবস্থান নেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।