জাতীয়

জুমার নামাজ শেষে গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ এলো ‘চোর’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

জুমার নামাজ শেষে গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ এলো ‘চোর’
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য করার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে, যা নিয়ে তাৎক্ষণিকভাবে আলোচনা তৈরি হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হালকা জলপাই-সবুজ পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরে মসজিদ থেকে বের হচ্ছেন তিনি। এ সময় তার সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাও ছিল। গাড়িতে ওঠার মুহূর্তে একজন তাকে সালাম জানালেও পেছন থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘একটা চোর; ১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।’

এর আগে, গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রায় তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর তিনি পদ ছাড়েন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার প্রয়োজন। শারীরিক জটিলতার কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভও হয়। তবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার যুক্তিতে তাকে দায়িত্বে রাখা হয়েছিল।