জাতীয়

‘পিটাও না কেন?’: ফাঁস হওয়া অডিওতে সাদ্দামকে ওবায়দুল কাদেরের নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

‘পিটাও না কেন?’: ফাঁস হওয়া অডিওতে সাদ্দামকে ওবায়দুল কাদেরের নির্দেশ
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার জন্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে (নিষিদ্ধ) নির্দেশ দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোনালাপের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের দ্বিতীয় দিনে কল রেকর্ডটি আদালতে বাজিয়ে শোনানো হয়।

ট্রাইব্যুনালে উপস্থাপিত অডিওতে শোনা যায়, তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ওবায়দুল কাদেরকে জানান, তাদের সমাবেশ শেষ হলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি চলছিল এবং প্রায় তিন হাজার শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে।

এর জবাবে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, “পেটাও না কেন ওদের? মারো না কেন ওদের? চড়াও হতে দাও কেন? সুযোগ দাও কেন?” তিনি আরও অসন্তোষ প্রকাশ করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলা হলেও বাস্তবে তা হয়নি।

ফোনালাপে সাদ্দাম হোসেন দাবি করেন, আন্দোলনে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের শাহবাগসহ কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় কাদের জানতে চান, কে এমন নির্দেশ দিয়েছে। জবাবে সাদ্দাম বলেন, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকেই এ নির্দেশ আসে।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ১১ জুলাইয়ের ওই ফোনালাপের রেকর্ড সিআইডির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, রাজনৈতিক দলের প্রধান নেতা হিসেবে অধীনস্থদের উদ্দেশে “পেটাও”, “মারো”— এ ধরনের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় উসকানিমূলক অপরাধের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য, এই কল রেকর্ড জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার অভিযোগে চলমান বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে।