রাজনীতি
ভারত ছাড়ছেন শেখ হাসিনা? ভারতীয় গণমাধ্যমে নতুন গুঞ্জন
ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, সেখান থেকে তিনি মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো দেশে যেতে পারেন। তবে ভারতের ভিসার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন।
সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’র একটি টকশোতে এ প্রসঙ্গে কথা বলেন আলোচিত আইনজীবী নিঝুম মজুমদার। তিনি বলেন, “শেখ হাসিনার আপাতত ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারত সরকার তার জন্য দু’হাত প্রসারিত করে রেখেছে।”
টকশোতে আরও আলোচনা হয়- শেখ হাসিনার অবস্থান কোথায়, বাংলাদেশ সেনাপ্রধান বর্তমানে কোথায় রয়েছেন, আওয়ামী লীগ দেশে ফিরে নির্বাচনে অংশ নেবে কিনা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস পরবর্তী সময়ে দেশ ছাড়বেন কিনা—এই সব বিষয় নিয়েও।
এখনও পর্যন্ত ভারত সরকার কিংবা বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে কড়া নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এবং তার চলাচল ও সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার ভারতে অবস্থান, তার ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশের ক্ষমতার রদবদল ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক অঙ্গনেও।