রাজনীতি
সোহরাওয়ার্দী উদ্যানে অর্ধ লাখ তরুণের ‘যুব ম্যারাথন’: নতুন রাজনীতির ডাক দিলেন জামায়াত আমীর
মহান বিজয় দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির যুব বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল ‘যুব ম্যারাথন’। এতে প্রায় অর্ধ লক্ষাধিক তরুণ ও যুবক অংশগ্রহণ করেন।
ম্যারাথন কর্মসূচির উদ্বোধনকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। এমন এক রাজনীতি কায়েম হবে যা হবে সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ, মামলাবাজি এবং দুর্নীতি-অনাচারের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এই ম্যারাথন চলবেই। যত বাধা বা ভয়ভীতি আসুক, আমরা থেমে যাবো না। ইনশাল্লাহ, আমরা জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বই।”
জনগণকে কালো টাকায় কেনা সম্ভব নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “দেশপ্রেমে উজ্জীবিত এই জাতিকে কেউ কালো টাকায় কিনতে পারবে না। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তারা সুবিধাবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।”
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের এই ম্যারাথন অতীতের ‘বস্তা পচা’ রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির বার্তা দেয়। ‘রাজপথে বিজয়ে, চলো এক সাথে বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে ধারণ করে জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে দেশ গড়ার প্রস্তুতি নিচ্ছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া এই ম্যারাথনটি শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। অর্ধ লাখ তরুণের এই পদচারণায় পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন এবং উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।