রাজনীতি
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আজাদের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত অসংগতির কারণে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সিদ্ধান্ত জানান।
এর আগে একই দিনে প্রায় এক ঘণ্টা তার প্রার্থিতা স্থগিত রাখা হয়। পরবর্তীতে শুনানি শেষে চূড়ান্তভাবে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় হামিদুর রহমান আজাদ তার বিরুদ্ধে দায়ের হওয়া ৭২টি মামলার তথ্য উল্লেখ করেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাসপ্রাপ্ত, অব্যাহতি পেয়েছেন বা মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান।
তবে বাকি দুটি মামলা এখনও বিচারাধীন রয়েছে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলা, যা বর্তমানে হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। অপরটি আদালত অবমাননার মামলা, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ দায়ের হয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। এই মামলার বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তারা নির্বাচন কমিশনে আপিল করবেন। তাদের মতে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা আশাবাদী ফল পাবেন।