রাজনীতি
চরমোনাই পীরের ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াত
জোট ভেঙে গেলেও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, সেই আসনে তাঁর প্রতি সম্মান দেখিয়ে জামায়াত দলীয় প্রার্থী দেবে না।
রোববার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন ডা. আবদুল্লাহ তাহের। তিনি বলেন, “ফয়জুল করীমের বিরুদ্ধে জামায়াতের যে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।”
মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ভাই। তিনি বরিশাল-৫ ও বরিশাল-৬—এই দুই আসনে প্রার্থী হয়েছেন। তবে কোন আসনে জামায়াত আনুষ্ঠানিকভাবে তাঁকে সমর্থন দেবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ডা. আবদুল্লাহ তাহের। এর আগে শনিবার একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ফয়জুল করীম শেষ পর্যন্ত যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই আসনে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে জামায়াত কোনো প্রার্থী রাখবে না।
উল্লেখ্য, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আটটি দল নিয়ে একটি রাজনৈতিক জোট গঠিত হয়। পরে ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও তিনটি দল ওই জোটে যোগ দেয়।
তবে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের জেরে গত শুক্রবার ইসলামী আন্দোলন জোট ছাড়ার ঘোষণা দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগের দিন জামায়াত, এনসিপিসহ ১০ দল ২৫০ আসনে সমঝোতার ঘোষণা দেয় এবং তিনটি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানায়। পাশাপাশি ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখার প্রস্তাব দেওয়া হয়। উন্মুক্ত আসনগুলোতে জোটভুক্ত একাধিক দলের প্রার্থী রাখার সিদ্ধান্ত থাকলেও এ প্রস্তাবে একমত হয়নি ইসলামী আন্দোলন। ফলে দলটি ২৬৮ আসনে এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।