রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া সুস্থ গণতন্ত্র সম্ভব নয়: বিরোধীদলীয় নেতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া সুস্থ গণতন্ত্র সম্ভব নয়: বিরোধীদলীয় নেতা
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রথম ও অপরিহার্য শর্ত। ভিন্নমত দমন নয়, বরং ভিন্নমতকে সম্মান ও স্বাগত জানানোই হওয়া উচিত নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই”-ইঙ্গিত করে তিনি জানান, গণতান্ত্রিক আন্দোলনের মূল চেতনাই হলো স্বাধীনভাবে কথা বলার অধিকার।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা-উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি।” তিনি স্পষ্ট করে বলেন, সেই অন্ধকার অধ্যায়ে আর ফিরে যেতে চান না তারা।

 

পোস্টে তিনি গণমাধ্যম, রাজনীতি ও সমাজে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে ভয়মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ সৃষ্টি করতেই হবে। ভিন্নমতকে দমিয়ে রাখা নয়, বরং তা থেকে শক্তি অর্জনের মধ্য দিয়েই একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠতে পারে-এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন জামায়াত আমির।