রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন এমপি পীরজাদা হানজালা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন এমপি পীরজাদা হানজালা
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও ১১ দলীয় জোটের নেতা পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ইরান সফরে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণই তার সফরের মূল উদ্দেশ্য।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

পীরজাদা হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-1 (শিবচর) আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ইসলামি বক্তা ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশজুড়ে পরিচিত। ধর্মীয়, সামাজিক ও জাতীয় নানা ইস্যুতে তার বক্তব্য ও কার্যক্রম প্রায়ই আলোচনায় থাকে।

ফেসবুক পোস্টে তিনি ইরান সফরের বিষয়টি নিশ্চিত করলেও সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেননি। তবে তিনি উল্লেখ করেছেন, খামেনির জানাজায় অংশগ্রহণই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সফরসংক্রান্ত আনুষ্ঠানিক সময়সূচি বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।