রাজনীতি
এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল
জুলাই অভ্যুত্থান স্মরণে ঘোষিত ৩ আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩০ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শহীদ মিনারে সমাবেশ আয়োজনের জন্য আমরা যথাযথ নিয়ম মেনে অনুমতি পেয়েছি। কিন্তু এনসিপি বারবার অনুরোধ জানায়। উদার সংগঠন হিসেবে তাদের চাওয়াকে সম্মান জানিয়ে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি বলেন, “ছাত্রদলের বিরুদ্ধে নানা অপপ্রচার চললেও আমরা সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার দৃষ্টান্ত রাখতে চাই। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ আয়োজনের কারণে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে—তবে নগরবাসীর কাছে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি কামনা করছি।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শেখ হাসিনার সহায়তাকারীদের বিচার না হলে এই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।”