রাজনীতি

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, “মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ অপরিহার্য।”

তিনি আরও বলেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। এই পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর পদ্ধতির দাবি করছে, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন থেকে যায়।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে।”