রাজনীতি
ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন : জয়নুল আবদিন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, “যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও দেশের অগ্রগতির বিরোধিতা করছে। তাই তাদের কাছ থেকে জাতি কখনোই ভালো কিছু আশা করতে পারে না।”
তিনি আরও বলেন, দেশের ছাত্রসমাজ, সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার মূল দাবি ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হবে—এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা। কিন্তু দুঃখজনকভাবে আজ তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন সময়ে নানা রূপে ফ্যাসিবাদের দোসররা দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
তিনি জোর দিয়ে বলেন, “যত দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তত দ্রুত জাতি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে। দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থেই নির্বাচন জরুরি।”