রাজনীতি

বিদেশে পাচারের টাকায় ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত : ড. মঈন খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

বিদেশে পাচারের টাকায় ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত : ড. মঈন খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থই অবৈধভাবে পাচার হয়েছে। এ অর্থ দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান অভিযোগ করেন, “পদ্মা সেতু নির্মাণের নামে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। শেখ হাসিনার সরকার সেতুর অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে।”

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা মিথ্যা অপবাদ দিলেও কখনো তাকে দুর্নীতিবাজ প্রমাণ করতে পারেনি। “প্রেসিডেন্ট জিয়া ছিলেন সৎ, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নেতা। সমাজ থেকে দুর্নীতি দূর করতে না পারলে বাংলাদেশকে কখনোই উন্নত করা সম্ভব নয়।”

বিএনপির এই নেতা বলেন, “রাজনীতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, যদি রাজনীতি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন না আনে তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই। তাই এ দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. ওয়াহিদ মজুমদার। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ উপস্থিত ছিলেন।