রাজনীতি
মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনরত শিক্ষকরা
বাড়িভাড়া বৃদ্ধি ও ভাতা বাড়ানোর দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবার থেকে তারা রাজধানীর বকশীবাজারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
এরই মধ্যে রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল। এ বৈঠকের কারণে দুপুর ১২টার নির্ধারিত ‘ভূখা মিছিল’ কর্মসূচি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্দোলন সংশ্লিষ্ট নেতারা।
দ্য ডেইলি ক্যাম্পাস-কে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।
তিনি বলেন, “আজ দুপুর ১২টায় বিএনপির মহাসচিবের সঙ্গে আমাদের বৈঠক হবে। এজন্য ‘ভূখা মিছিল’ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।”
জানা গেছে, আন্দোলনরত শিক্ষকরা খালি থালা-বাটি হাতে নিয়ে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ‘ভূখা মিছিল’ করবেন। তারা দাবি জানাচ্ছেন— বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ।
অধ্যক্ষ আজিজী আরও বলেন, “২০ শতাংশ মানে ২০ শতাংশ, ১,৫০০ টাকা মানে ১,৫০০ টাকা—এখানে কমানোর কোনো সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে রক্ত দেব, তবুও দাবি আদায় করব।”
উল্লেখ্য, ‘ভূখা মিছিল’ এমন এক প্রতিবাদ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় মিছিল করে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন। সাধারণত খাদ্য সংকট, ন্যায্য মজুরি বা সরকারি অবহেলার প্রতিবাদে এ ধরনের কর্মসূচি পালন করা হয়।