রাজনীতি

ভোটের অপেক্ষায় উন্মুখ জনগণ: সালাহউদ্দিন আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

ভোটের অপেক্ষায় উন্মুখ জনগণ: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

তিনি দাবি করেন, জাতীয় ঐকমত্যের নামে সরকার কিছু বিভ্রান্তি তৈরির চেষ্টা করলেও জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “দেশের সর্বোচ্চ সার্বভৌমত্ব জাতীয় সংসদের হাতে, আর সেটি প্রতিষ্ঠিত হয় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। জাতীয় সার্বভৌমত্ব কোনো আদেশ দিয়ে চাপিয়ে দেওয়া যায় না।”

তিনি জুলাই সনদে গণভোট ইস্যু নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে বলেন, বিষয়টি এতটাই জটিল যে একজন পিএইচডি শিক্ষার্থীরও তা বুঝতে সময় লাগবে। দেশে আদেশ জারি করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কোনো ঐতিহাসিক নজির নেই, ভবিষ্যতেও এর বৈধতা নেই বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এসব উদ্যোগ শুধু আইনি কৌশল তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য পূরণ করে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক এম এ কাউসার, সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আখতার হোসেন খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ আরও অনেকে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে; দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।