রাজনীতি
জাকির খানের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি মনোনীত প্রার্থীর
পারিবারিক সিদ্ধান্ত ও নিরাপত্তা সংক্রান্ত কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত সংবাদকর্মী ও তাঁর অনুসারীরা সিদ্ধান্তটি জেনে বিস্ময় প্রকাশ করেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণে এবং নিরাপত্তাসহ একাধিক কারণে আমি এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। সব কথা হয়তো এখানে বলা যাবে না, তবে আমি বাধ্য হয়েছি। আমি আমার নেতাকর্মী এবং শহরের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই আসনে যিনি নির্বাচন করবেন, তার পক্ষে আমার সমর্থন থাকবে।”
সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কৌশলীভাবে বলেন, “আমি জানি, আমার এ সিদ্ধান্তে নেতাকর্মীরা কষ্ট পাবে। তবে আমার নিরাপত্তা এবং পরিবারের বিষয়গুলো এই সিদ্ধান্তের প্রধান কারণ। এটি কোনোভাবে সরকার বা দলের অন্য কোনো পদক্ষেপের কারণে নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।”
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন এই আসনের তিনবারের সাবেক এমপি, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর আহাম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, যুক্তরাজ্যপ্রবাসী প্রফেসর ড. আলিয়ার হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
মাসুদুজ্জামানের এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিসরে নতুন রাজনৈতিক চিত্র রচনা করেছে এবং বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি করেছে।