রাজনীতি
হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মহাসচিব বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। ওই সময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো গণমাধ্যমে তুলে ধরেন।
মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বাড়িতেই বিশ্রাম নেবেন।