রাজনীতি

স্বৈরাচারের পথ ধরেই ‘গুপ্তরা’ নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

স্বৈরাচারের পথ ধরেই ‘গুপ্তরা’ নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, স্বৈরাচার সরকারের মতোই ‘গুপ্ত’ পরিচয়ের একটি গোষ্ঠী এখন নতুন জালিমে পরিণত হয়েছে। তাদের কাছে দেশের মা-বোন নিরাপদ নন এবং জনগণের মর্যাদার কোনো মূল্য নেই। বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জনগণের রায়ের মাধ্যমে পরিচালিত হবে-এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ জনগণ তাদের জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবে। কিন্তু ৫ আগস্টের পর তিনি লক্ষ্য করেছেন, স্বৈরাচার সরকার যেভাবে জনগণের সঙ্গে কথা বলত, গুণীজনকে অপদস্থ করত এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করত-দুঃখজনকভাবে সেই ভাষা ও আচরণ এখনো বন্ধ হয়নি। তার ভাষায়, ‘গুপ্ত পরিচয়ে পরিচিত একটি দল এখন নতুন জালেম হিসেবে দেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে।’

তিনি বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে লক্ষ্য করেছেন, এই গোষ্ঠীর শীর্ষ নেতারা প্রকাশ্যে নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। যেসব নেতা-কর্মীর মা-বোনদের প্রতি কোনো সম্মান বা শ্রদ্ধাবোধ নেই, তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। এদের কাছে মানুষের মর্যাদার কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, কুমিল্লা জেলার গুপ্তদের একজন নেতা প্রকাশ্যে বলেছেন-১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরবেন, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। তিনি প্রশ্ন তুলে বলেন, “কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা যায়?” এই বক্তব্য থেকেই তাদের মানসিকতার প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে।

তিনি সতর্ক করে বলেন, এসব গুপ্ত গোষ্ঠী নির্বাচিত হলে জনগণের জীবনে কী ধরনের দুর্বিষহ পরিস্থিতি নেমে আসবে, তা সহজেই অনুমেয়। তাই জনগণকে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং উপযুক্ত শিক্ষা দিতে হবে।

স্বৈরাচার সরকারের সঙ্গে এই গোষ্ঠীর দীর্ঘদিনের সখ্যতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তারা মূলত মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং গত ১৫ বছর ধরে বিভিন্ন সময়ে তারা স্বৈরাচারী শক্তির সঙ্গে একসঙ্গেই ছিল।

বরিশালের স্থানীয় সমস্যার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালে নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা সমাধানে কার্যকর বেড়িবাঁধ নির্মাণ জরুরি। অনেক উন্নয়নকাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যা শেষ করতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, বিএনপির শাসনামলে অনেক উন্নয়নকাজ শুরু হয়েছিল, যা বিভিন্ন কারণে শেষ করা সম্ভব হয়নি। বর্তমানে বহু সমস্যা জমে আছে। বিএনপি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চায়।

নারীদের ঘরে বন্দী রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত উন্নত ও সম্মানজনক বাংলাদেশ গড়ে তোলা যাবে না।

তিনি অভিযোগ করেন, গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে। জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে তাদের মানসিকতা স্পষ্ট হয়েছে। এসব গোষ্ঠী ক্ষমতায় গেলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে বলেও সতর্ক করেন তিনি।