রাজনীতি
১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান বিএনপি প্রার্থীর
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এই বক্তব্য দেন।
এ সংক্রান্ত প্রায় ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী এলাকা আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের উপার্জনের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভর করে। তিনি বলেন, এই এলাকায় ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি অভিযোগ করে বলেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এ অবস্থায় তিনি ‘দুই হাত জোড় করে’ অনুরোধ জানিয়ে বলেন, “এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।” তার এই বক্তব্য ভিডিওতে স্পষ্টভাবে উঠে আসে।
বক্তব্যে সরওয়ার জামাল নিজাম আরও বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।
এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বক্তব্যটির তাৎপর্য নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে নির্বাচনকে ঘিরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীর উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছেন, একজন সংসদপ্রার্থী হিসেবে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং বিষয়টি প্রশাসনের জন্যও বিবেচনার দাবি রাখে।