রাজনীতি
১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে আমি আর রাজনীতি করব না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন- আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “আমরা দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করেই রাজনীতিতে নেমেছি। আমাদের লক্ষ্য দেশের মানুষকে ক্ষমতায়িত করা এবং একটি সুশাসিত রাষ্ট্রব্যবস্থা গঠন করা। তাই আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, আমি আর রাজনীতি করব না।”
রাজনীতির দীর্ঘ পথচলায় নিজেকে কোথায় দেখতে চান—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “প্রথম থেকেই আমরা সামষ্টিক রাজনীতিতে বিশ্বাস করেছি। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কখনও করি না। কারণ এখন অনেক মানুষের স্বপ্ন, আত্মত্যাগ এবং জীবন এই আন্দোলনের সঙ্গে জড়িত। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা নয়, জনগণের মুক্তি।”
তিনি আরও বলেন, “আমরা ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই, ক্ষমতায় যেতে চাই এবং সরকার গঠন করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে জনগণকে সত্যিকারের ক্ষমতাবান করা।”
এনসিপি নেতা জানান, তাদের দলটি অল্প সময়েই রাজনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, “আমরা তো অনেকদূর এগিয়ে গেছি। সাধারণত একটি রাজনৈতিক দল যেখানে পৌঁছাতে ১০-১৫ বছর সময় নেয়, আমরা সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছি। গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে। এখন বাকিটা আমাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে পূরণ করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই সংগঠনটি সারাদেশে কাঠামোগতভাবে বিস্তার লাভ করেছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জনগণ আমাদের বিশ্বাস করছে, আমাদের দায়িত্ব দিয়েছে। এখন আমাদের কাজ সেই আস্থা বাস্তবে প্রমাণ করা।”