রাজনীতি

রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির নেতা গাজী সালাহউদ্দিন তানভীর পুলিশ ও কারা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, রিমান্ডে থাকা অবস্থায় তানভীরের শরীরে অজ্ঞাত একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তানভীরের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

এর আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ হাসপাতালে গিয়ে তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও হতভম্ব হয়েছেন বলে জানান নাহিদ। এ সময় তানভীরকে দেখতে যাওয়ার একটি ছবিও ফেসবুকে প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও বিএনপির এক নেতার করা মামলায় গাজী তানভীরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আইনি অধিকার থেকে বঞ্চিত করে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ বলেন, রিমান্ডে থাকা অবস্থায় তানভীরের শরীরে অজ্ঞাত একটি ইনজেকশন পুশ করা হয়। এরপর তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। পরে কারা হেফাজতেও তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তানভীরের আইনজীবীর বরাত দিয়ে নাহিদ আরও জানান, গত ১৫ আগস্ট তানভীর স্ট্রোক করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বারবার জামিনের আবেদন নাকচ হওয়ার পর শেষ পর্যন্ত উচ্চ আদালত থেকে এক বছরের জামিন পান তানভীর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। তবে রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নেওয়ার পর শরীরে অজ্ঞাত ইনজেকশন দেওয়ার অভিযোগ এবং এর পর শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়।

জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বর্তমান সরকারের আমলেও সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার কারা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

রিমান্ডে দেওয়া কথিত ইনজেকশনটির পরিচয়, চিকিৎসা এবং তানভীরের শারীরিক অবস্থার বিস্তারিত জানতে সম্পূর্ণ চিকিৎসা নথির ভিত্তিতে সরকারের কাছে ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

একই সঙ্গে তানভীরের ওপর নির্যাতনের অভিযোগকে সরকারের মানবাধিকারবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। এ জন্য সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী আনারও আহ্বান জানান তিনি।