রাজনীতি
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই কথা জানান।
তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, সবাই উনার জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন।
এর আগে বুধবার (১১ মার্চ) অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।