রাজনীতি
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন আর নেই
সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (২৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা রোববার বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব ঢাকার নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
১৯৫৭ সালের ৬ নভেম্বর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে জন্ম নেওয়া গোলাম সারোয়ার মিলন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য হন এবং মানিকগঞ্জ-৪ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে একাধিক দলে যুক্ত হন। সর্বশেষ তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।