প্রবাস

সৌদিতে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি গ্রেপ্তার


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম

সৌদিতে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলে অনুমোদনহীনভাবে মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির বর্ডার গার্ডের উপকূলীয় টহল দল।

শুক্রবার (১১ জুলাই) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বাংলাদেশির কাছে থেকে অনুমতি ছাড়াই ধরা কিছু মাছ জব্দ করা হয়েছে। তিনি সৌদির সামুদ্রিক নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন বলেও জানানো হয়েছে।

বর্ডার গার্ড জানায়, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

সৌদি বর্ডার গার্ড দেশটির নাগরিক ও প্রবাসী সবার প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কিত আইন-কানুন কঠোরভাবে মেনে চলেন।

এছাড়া, কেউ যদি পরিবেশ, বন্যপ্রাণী বা প্রাকৃতিক সম্পদের ক্ষতির মতো কোনও তথ্য জানতে পারেন, তাহলে তা জরুরি হেল্পলাইনে জানাতে বলা হয়েছে। মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং অন্য অঞ্চলের মানুষ ৯৯৪, ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তার কোনো দায় থাকবে না।

সূত্র: সৌদি গ্যাজেট