প্রবাস
১২৩ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়ার বিমানবন্দর
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের নিয়ম-কানুন না মানায় ১২৩ জন বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি যাত্রীকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি মালয়েশীয় কর্তৃপক্ষ। তাদের সবাইকে ‘নট টু ল্যান্ড’ (NTL) নির্দেশনার আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-তে এসব বিদেশি যাত্রীদের আটকে দেওয়া হয় বলে জানায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)। সংস্থাটির মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে এই যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, টার্মিনাল-১ থেকে আটক হওয়া ১২৮ জনের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি, বাকি পাঁচজন পাকিস্তানি, ইন্দোনেশিয়ান ও সিরিয়ান নাগরিক। টার্মিনাল-২ থেকে আটক ৭০ জনের মধ্যে ছিলেন ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকরা।
কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের কাগজপত্র যাচাইয়ে উঠে আসে— অনেকের হোটেল বুকিং ছিল ভুয়া, পর্যাপ্ত অর্থ ছিল না, কিংবা তারা তাদের সফরের উদ্দেশ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেননি। এসব কারণেই তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
মোহাম্মদ শুহাইলি আরও জানান, মালয়েশিয়াকে যেন কেউ অবৈধ প্রবেশের জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য এ ধরনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।