প্রবাস

কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী আটক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান ও ১ জন সিরিয়ান নারী রয়েছেন।

অভিযানটি পরিচালনা করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গত শনিবার (১৬ আগস্ট) দেশজুড়ে। জাতীয় সংবাদমাধ্যমেও আটককৃতদের পরিচয়সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করা হয়েছে।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল আবাসিক ও শ্রম আইন প্রয়োগ নিশ্চিত করা এবং নেতিবাচক আচরণ রোধ করা।

আটকদের বিরুদ্ধে পারিবারিক যোগদান আইনের ধারা ২২-এর অধীনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, আইন লঙ্ঘনকারী এবং তার পৃষ্ঠপোষক উভয়কেই নির্বাসন বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটককৃতদের হস্তান্তর করেছে এবং কুয়েতের গণমাধ্যমে তাদের ছবিসহ প্রকাশের মাধ্যমে ভিক্ষাবৃত্তির প্রবণতা কমানোর লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন লঙ্ঘনের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন এবং আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।