প্রবাস

মালয়েশিয়ায় ৮২ প্রবাসীর আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম

মালয়েশিয়ায় ৮২ প্রবাসীর আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮২ জন অননুমোদিত প্রবাসী স্বেচ্ছায় দেশটির অভিবাসন দপ্তরে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ১৯ জনই বাংলাদেশের নাগরিক।

শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান, আত্মসমর্পণকারীরা সবাই ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী অপরাধ স্বীকার করেছেন, যা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করার সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, “এই প্রবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, কারণ তারা নিজ দেশে ফিরে যেতে চেয়েছেন এবং উপলব্ধি করেছেন যে, তারা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন।”

অভিবাসন দপ্তরের তথ্যানুসারে, আত্মসমর্পণকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৯ জন, বাংলাদেশের ১৯ জন এবং থাইল্যান্ডের ১৭ জন রয়েছেন, এই তিন দেশই তালিকার শীর্ষে। এছাড়া ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, সুদান, নাইজেরিয়া, লাওস ও ইরাকের নাগরিকরাও রয়েছেন তাদের মধ্যে।

এদিকে রাজ্যের প্রবেশপথে আরও তিনজন অভিবাসী— দুজন কম্বোডিয়ান ও একজন থাই নাগরিক— ধরা পড়েছেন। তারা ধারা ১৫(১)(সি) (মেয়াদোত্তীর্ণ অবস্থান) এবং ধারা ৫৫ই (অবৈধ অভিবাসীকে আশ্রয় দেওয়ার অপরাধ) লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

অভিবাসন পরিচালক ইউসুফ খান আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কেলানতানে অভিবাসন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ অভিযানে ৪৯৩ জন অননুমোদিত বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।

তিনি বলেন, “অভিবাসন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছেন, তারা আইন অনুযায়ী দেশে ফেরার সুযোগ পাবেন।”