প্রবাস

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ৭ লাখ ৫৪ হাজার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ৭ লাখ ৫৪ হাজার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ৭ লাখ ৫৪ হাজার ৮৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ১৫ হাজার ৩৩৫ জন বাংলাদেশ থেকে এবং বাকিরা বিভিন্ন বিদেশ থেকে নিবন্ধন করেছেন। নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৬ লাখ ৯০ হাজার ২০৫ জন এবং নারী ৬৪ হাজার ৬৫৩ জন।

নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত সময়ে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠাবে, যা ভোটার পূরণ করে ফেরত পাঠাবেন।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এর জন্য অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক, যা ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিবন্ধন কার্যক্রম চলমান দেশগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিসর, মরিশাস, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, হংকং, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, তানজানিয়া, চিলি, পেরু, জিম্বাবুয়ে ইত্যাদি।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট দেওয়ার পর তা ফেরত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। সংস্থাটি ৫০ লাখ প্রবাসী ভোটার টানার লক্ষ্য নিয়ে কাজ করছে।