প্রবাস
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন টিপু চৌধুরী (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা ছিলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টার দিকে প্রিটোরিয়ার কোয়ামথলাংগা এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে।
নিহত টিপু চৌধুরী মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকারবাড়ির মরহুম আবু তাহেরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস ও ব্যবসা করে আসছিলেন।
নিহতের চাচাতো ভাই লিটু চৌধুরী জানান, শুক্রবার বিকেলে দোকানে থাকার সময় সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালিয়ে টিপু চৌধুরীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার পর মরদেহ স্থানীয় থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই ঘটনায় প্রবাসে ও দেশে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। লিটু চৌধুরী আরও জানান, তাদের পরিবারের জন্য এটি প্রথম ঘটনা নয়। প্রায় দুই দশক আগে একইভাবে দক্ষিণ আফ্রিকায় টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাতে হয়েছিল।