প্রবাস
দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো প্রায় দুই লাখ পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে মোট ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (আজ) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এ পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এরই মধ্যে বিডি পোস্টের মাধ্যমে ১ হাজার ৮৫৯টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এদিকে বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারা দেশের ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত অভ্যন্তরীণ ভোটারের ঠিকানায় ইতোমধ্যে ব্যালট পাঠানো হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে অবস্থানরত ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের এ উদ্যোগে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।