প্রবাস
সৌদিতে ওমরা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৫
সৌদি আরবে ওমরাহ পালনের পর বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি রোববার (১৫ ফেব্রুয়ারি) সৌদি সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) দেশটির আবহা এলাকায় ঘটে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: মিজানুর রহমান মিজান (৪০), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী ব্যবসায়ী, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), বড় মেয়ে মেহের আফরোজ (১৩), স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী, ছোট মেয়ে সুবহা আক্তার (দেড় বছর), গাড়ির চালক জিলানী বাবর (৩০), রামগঞ্জের বিষ্ণুপুর গ্রামের আবুল হোসেন পাটোয়ারীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে আবহা শহরে ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মিজানের মেঝো কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় দুঃখের ছাপ পড়েছে। মিজানের বাবা শহীদ উল্যাহ ও মা খুকি বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের মরদেহ দেশে ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।