প্রবাস

বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রবাসী ৪ ভাইয়ের মৃত্যু


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫৮ পিএম

বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রবাসী ৪ ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্র জানায়, দেশে থাকা এক ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। তাদের মধ্যে দুইজনের শিগগিরই দেশে ফেরার কথাও ছিল।

মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বুধবার সকালে স্থানীয় লোকজন একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে থাকা একই এলাকার এক ব্যক্তি বাবুর মাধ্যমে তারা এ ঘটনার খবর পান। তার ভাষ্য অনুযায়ী, কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার পর চার ভাইকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমিয়ে পড়ার পর গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানার হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।