প্রবাস

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, রিটার্ন বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের সুবিধা পাবেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করতে হবে না বা সৌদি দূতাবাসে যেতে হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন করলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হবে।

বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের—এই দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেবা পাওয়া যাবে।

নতুন ভিসা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

১. বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকরা প্রাথমিকভাবে এ সুবিধা পাবেন।
২. একবার প্রবেশ (Single Entry) করা যাবে।
৩. ভিসার মেয়াদ হবে ৩ মাস।
৪. সৌদি আরবে ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
৫. ভিসা, রিটার্ন ফ্লাইট, অনুমোদিত হোটেলে থাকা এবং ভ্রমণ বীমা একই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে।
৬. ভিসা ইস্যুর লক্ষ্যমাত্রা ৪৮ ঘণ্টার মধ্যে।

গালফ নিউজের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪,০০০ সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১,০০০ সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল।

ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট বা অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমও যুক্ত করতে পারবেন।

তবে এই প্যাকেজে উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এটি উমরাহ ভিসা নয়। তবে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা যাবে, প্রযোজ্য সৌদি নীতিমালা অনুযায়ী।

সূত্র: গালফ নিউজ।