প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আপন দুই ভাইয়ের মৃত্যু


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আপন দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারে করে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন। ব্যবসায়িক মালামাল কিনতে তারা রিয়াদে গিয়েছিলেন। সেখান থেকে মালামাল নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, একসঙ্গে দুই ছেলেকে হারিয়ে তিনি দিশেহারা। তিনি সবার কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা জানান, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।