প্রবাস

কলকাতার হোটেলে আগুন, দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই বাবুর করুণ মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

কলকাতার হোটেলে আগুন, দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই বাবুর করুণ মৃত্যু
ছবিঃ সংগৃহীত

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের কসমেটিকস ব্যবসায়ী আহম্মেদ বাবু। 

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে শোকের মাতম নেমে আসে।

নিহত আহম্মেদ বাবু সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার শিকদারপাড়া মহল্লার আদম আলীর ছেলে। তিনি আমিনবাজার বাসস্ট্যান্ডের শাহীন সুপার মার্কেটে ‘কিউট কসমেটিক’ নামে একটি দোকান পরিচালনা করতেন। ব্যবসার কাজে নিয়মিত কলকাতায় গিয়ে কসমেটিকস কিনে আনতেন তিনি।

নিহতের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, ‘আমার ভাই কসমেটিকসের দোকান করতো। প্রায়ই কলকাতায় কসমেটিকস নিয়ে আসার জন্য যেত। সোমবার রাত ১০টার দিকে কলকাতার উদ্দেশে রওনা হয় বাবু। সকালে সেখানে পৌঁছে কসমেটিকস কেনে। আজই দেশে ফেরার কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে হঠাৎ খবর আসে, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আমার ছোট ভাই মারা গেছে।’

বুধবার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখা যায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।

মোহাম্মদ আলী আরও বলেন, পরিবারের চার ভাইয়ের মধ্যে বাবু ছিলেন সবার ছোট। তার ১২ বছরের একটি মেয়ে রোজা এবং ছয় বছরের ছেলে সোয়াত রয়েছে। বাবুর মৃত্যুতে অল্প বয়সেই সন্তান দুটির বাবাকে হারানোর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশী হাজী নাজিম উদ্দিন বলেন, আহম্মেদ বাবু দীর্ঘদিন ধরে কসমেটিকসের ব্যবসা করতেন। ব্যবসার পণ্য আনতে প্রায়ই কলকাতায় যেতেন। সাধারণত দু-এক দিন সেখানে অবস্থান করে দেশে ফিরতেন। এবারও একইভাবে কলকাতায় গিয়েছিলেন। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি।

আহম্মেদ বাবুর দোকানের কর্মচারী লাভলু বলেন, তাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস বিক্রি করা হয়। দোকানের মালিক নিয়মিত কলকাতা থেকে পণ্য কিনে আনতেন। দু-এক দিন অবস্থান করে আবার দেশে ফিরে আসতেন। হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।