প্রবাস
মালয়েশিয়ায় ১৬৪ বাংলাদেশিসহ ২৫২ অভিবাসী আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ১৬৪ বাংলাদেশিসহ ২৫২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার ভোরে ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতার বিষয় যাচাই করা হয়। এ সময় আটক এড়াতে কয়েক ডজন অবৈধ অভিবাসী পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় পালিয়ে আশ্রয় নেন। কেউ কেউ খাটের নিচেও লুকিয়ে থাকার চেষ্টা করেন।
সেলাঙ্গর অভিবাসন বিভাগের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি, ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, তিনজন ভারতের, তিনজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক।
আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। মিয়ানমারের ৫০ জন পুরুষ ও সাতজন নারী, ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও আটজন নারী, ভারতের তিনজন, নেপালের তিনজন এবং পাকিস্তানের একজন পুরুষকে আটক করা হয়েছে।
রাত ১টা ৫৫ মিনিটে শুরু হওয়া অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া অভিবাসন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে বিদেশিদের মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়।
মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, আদালতে সোপর্দ এবং দেশ থেকে বহিষ্কারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা অভিবাসন বিভাগকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেন।
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী তদন্ত চলছে।