ধর্ম

মক্কায় পবিত্র কোরআনের ৪০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি প্রদর্শন


ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০৭ পিএম

মক্কায় পবিত্র কোরআনের ৪০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি প্রদর্শন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কোরআন মিউজিয়ামে’ ৪০০ বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ইসলামি সভ্যতার শৈল্পিক উৎকর্ষ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অনন্য ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদর্শিত এই পাণ্ডুলিপিটি হিজরি ১১শ শতাব্দীর, যা সূক্ষ্ম সোনালি অলঙ্করণ, উজ্জ্বল রঙের নকশা এবং নিপুণ ক্যালিগ্রাফির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে সে সময়কার ইসলামি শিল্পকলা, কারুশিল্প এবং নান্দনিকতার উচ্চমান ফুটে উঠেছে।

পাণ্ডুলিপিটির প্রতিটি পৃষ্ঠা সূক্ষ্ম পুষ্পশোভিত নকশা ও কারুকার্যময় অলঙ্করণে সাজানো। এর শুরুতে সূরা আল ফাতিহা সংবলিত অংশে জ্যামিতিক নিখুঁততা এবং সোনালি কারুকাজের অপূর্ব সমন্বয় দেখা যায়।

জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, এই পাণ্ডুলিপি মূলত ইসলামি ক্যালিগ্রাফার ও অলঙ্করণ শিল্পীদের দক্ষতার অনন্য নিদর্শন। এটি সেই সময়কার শিল্পীদের নিপুণ হস্তাক্ষর ও নান্দনিক সৌন্দর্যের মাধ্যমে কোরআনের লিখনশৈলীকে এক অসাধারণ শৈল্পিক ঐতিহ্যে রূপ দিয়েছে।

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত এই জাদুঘরে সংরক্ষিত পাণ্ডুলিপির মাধ্যমে কয়েক শতাব্দী ধরে কোরআনের লিখন ও অলঙ্করণ শৈলীর বিবর্তনও তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ইসলামি পাণ্ডুলিপি শিল্পের বিকাশ এবং পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধাবোধ অনুধাবনের সুযোগ পাচ্ছেন।

এ ধরনের আয়োজন কোরআনকে শুধু ধর্মগ্রন্থ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শৈল্পিক অনুপ্রেরণার উৎস হিসেবেও তুলে ধরছে। শতবর্ষী এই নিদর্শনটি বর্তমানে জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিশ্বজুড়ে দর্শনার্থীদের কাছে সমাদৃত হচ্ছে।