সারাদেশ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার এক তরুণ বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিতে যান। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে না।

লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার সময় তিনি রেফারির একাধিক সিদ্ধান্তে পক্ষপাতের অভিযোগ দেখতে পান। তার দাবি, পূর্বপরিকল্পিতভাবে ম্যাচের ফল প্রভাবিত করা হয়েছে। এ ঘটনায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে তিনি বলেন, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল প্রভাবিত হয়েছে। এতে তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণের জন্য ওই তরুণ থানায় এসেছিলেন। তবে এ ধরনের আন্তর্জাতিক বিষয়ের ওপর স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাঁকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে যথাযথ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে মো. রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি ও তাঁর সঙ্গে থাকা অন্য সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তিনি এ ঘটনার বিচার চান। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথাও জানান।