সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতীম।

নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।