সারাদেশ
কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, চার দিনেও মেলেনি সন্ধান
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। চার দিন পার হলেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ দুই কিশোরীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিশা। পরে বিকেল গড়িয়ে রাত হলেও তারা বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাহিমার মা তাছলিমা আক্তার মেয়ের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর বিকেল পর্যন্ত মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়ের সন্ধান চান তিনি।
কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুই কিশোরী মাদ্রাসায় উপস্থিত হয়নি। পরে তাদের পরিবারের মাধ্যমে জানতে পারেন, মাদ্রাসায় আসার পথে তারা নিখোঁজ হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।