সারাদেশ
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ আরও ১
মুন্সিগঞ্জের সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত যুবকের নাম আরিফ মীর (৩৫)। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই ইমরান মীর।
সোমবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিকের সমর্থক শাহ কামাল গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সোমবার সকালে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে আরিফ ও তার চাচাতো ভাই ইমরান বাড়ির সামনে বের হলে শাহ কামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে, এতে আরিফ ও ইমরান দুজনেই গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, “দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।