সারাদেশ
আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সঠিক সিদ্ধান্ত নয়: আবু জাফর
ফরিদপুর-১ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা সঠিক সিদ্ধান্ত নয়। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে ভুল করেছিল, একই পথে হাঁটলে ভবিষ্যতে যেকোনো সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আবু জাফর বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগের এখনো দেশে একটি বড় সমর্থকগোষ্ঠী রয়েছে, যারা কোনো অপরাধ করেনি। তারা ভোট দেওয়ার অধিকার রাখে। যদি তারা ভোট দিতে পারে, তাহলে প্রার্থী হওয়ার অধিকার তাদের থাকবে না কেন—এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে, তা সঠিক পথে এগোচ্ছে না। আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করেই নির্বাচন করা উচিত ছিল বলে তিনি মনে করেন।
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে আবু জাফর বলেন, তিনি একাধিকবার দল পরিবর্তন করলেও দশবার নির্বাচনে অংশ নিয়ে চারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সবকিছুই করেছেন নির্বাচনি এলাকার মানুষের কল্যাণে। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চান বলে জানান।