সারাদেশ

গাজীপুরে গুলি ছুড়ে, ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা লুট


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

গাজীপুরে গুলি ছুড়ে, ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

গাজীপুরে সশস্ত্র হামলার মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার আউটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যবসায়ী শফিকুল ইসলামের প্রতিনিধি সাইফুল ইসলাম ব্যাংকে টাকা জমা দিতে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।

পথে স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত সাইফুল ইসলামের মোটরসাইকেলের পথরোধ করে। এরপর তারা দুই রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগদ ২৪ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।