সারাদেশ
সরকারি শিশু পরিবারে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবার (বালিকা)-এ ষষ্ঠ শ্রেণির এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ওয়াহিদ শেখ (৫৪)। তিনি শিশু পরিবার সংলগ্ন একটি বাজারে দর্জির দোকান পরিচালনা করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীটি শহরের টেপাখোলা এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। শিশু পরিবার থেকে বিদ্যালয়ে যাতায়াতের সময় গত ৫ জানুয়ারি বিকেলে অভিযুক্ত ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার একই ধরনের নির্যাতনের শিকার হয় কিশোরীটি।
এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শারীরিক জটিলতা দেখা দেয়। গত ৬ জুলাই তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় জানা যায়, সে ২৭ সপ্তাহ দুই দিনের গর্ভবতী।
এ ঘটনায় ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে ৬ জুলাই ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে ৮ জুলাই পুলিশ সদর উপজেলার আদমপুর গ্রাম থেকে অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে ৮ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এহিয়াতুজ্জামান জানান, আদালতের নির্দেশে কিশোরীটিকে সমাজসেবা বিভাগের অধীনে নারী ও শিশু-কিশোরীদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।